
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় এক প্রতিবন্ধী যুবকের গোয়ালে রাতের আধারে আগুন,সদ্য গত ১০ দিন পূর্বে আর্থিক সহায়তায় পাওয়া টাকা দিয়ে ক্রয়কৃত গরু নিয়ে দেখে ছিলো স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, কিন্তু বেঁচে থাকার জন্য মনের আনন্দের যে স্বপ্ন দেখেছিলো সেটা অঙ্কুরিত হওয়ার পূর্বেই তার চোখের সামনে পুড়ে ছাই, প্রতিবন্ধী যুবকের অভিযোগ তার গরুকে শত্রুতা করে পুড়িয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর এলাকায় আবু সাইদ জিম (২১)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। আবু সাইদ জিম ওই এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গত দুদিন আগের রাতে আবু সাইদের সেই গোয়াল ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় পরের দিন আবারও তার গোয়াল ঘরে আগুন দেওয়া হয়। এতে একটি গরু পুড়ে মারা যায় এবং আরেকটি গরু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত গরুটিকে জবাই করেন। এ ঘটনায় আবু সাইদের এক প্রতিবন্ধী চাচাতো ভাই আব্দুল আলীম (৪০) আগুনে পুড়ে গিরুতর আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।পরিবার ও আশপাশের লোকজন প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার ফাইটার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবার সূত্রে আরও জানা যায়, আবু সাইদ প্রতিবন্ধী হওয়ায় বিশ্বব্যাংকের সহায়তায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সিটিএম ও পিইআই পাইলট প্রকল্পে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক) এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এককালীন ৪৫ হাজার টাকার অনুদান পান। সেই টাকা দিয়ে তিনি গরুটি ক্রয় করেছিলেন।
আবু সাইদের প্রতিবেশী রুপচান শেখ (৪১) জানান, “সাইদ একজন প্রতিবন্ধী ছেলে। কয়েকদিন আগে একটি অনুদান পেয়ে সেই টাকা দিয়ে সে গরুটি কিনেছিল। আর কেও বা কারা শত্রুতা করে তার এই ক্ষতি করেছে।
আবু সাইদের মা রুপালি খাতুন জানান, “আমার ছেলে জিম চিৎকার করলে আমি বের হয়ে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। কারা এটা করেছে আমরা জানি না। তবে আমাদের ধারণা, কেউ শত্রুতা করে এটা করেছে। দুই দিন ধরে আমাদের গোয়ালে আগুন দিচ্ছে। এর পর যদি ঘরে আগুন দেয় তাহলে আমাদের কী হবে, সেটাই এখন চিন্তার বিষয়।
এ বিষয়ে আবু সাইদ বলেন, “কেউ শত্রুতা করে আমার গরুকে পুড়িয়ে মেরেছে। আমার ধারণা, আমার কাছের মধ্যেই কেউ এ কাজ করেছে। তবে পরিবারের লোকজন আন্দাজে কারও নাম বলে শত্রুতা বাড়াতে চান না, তাই নাম বলতে আমাকে নিষেধ করেছেন।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও-র ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন বলেন, সমাজসেবা ও আমাদের মাধ্যমে যে টাকাটা পেয়েছিলেন তা দিয়ে একটি গরু কিনে সে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তার সেই গরুটি মারা যাওয়ায় আমরা অফিসিয়াল ভাবেও মর্মাহত, তার পাশে আমরা পূনরায় আবারো দাঁড়াতে চাই, পাশাপাশি বিত্তবানদেরও সহযোগিতা ও দোয়া চাই তার জন্য।
দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার ফজলুর রহমান বলেন, “সম্ভবত ঘুটে বা কয়েল জাতীয় কিছু থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আবু সাইদের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “বিষয়টি জেনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমি আমার অফিসারকে পাঠাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজান বলেন, “বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখবো।