মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে সরকারি খরচে দেশের সকল গৃহহীন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দীন মানিক। শুক্রবার বিকেলে দাগনভূঁঞা উপজেলার ৮ নং জায়লস্কর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বারাহীগুনি এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ডা: ফখরুদ্দীন মানিক বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম হলো সমাজসেবা ও সমাজসংস্কার। এই নীতির অংশ হিসেবে যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে জামায়াতের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ান। তিনি উল্লেখ করেন, "এই কাজ কারো প্রশংসা অথবা বাহবা পাওয়ার জন্য করি না, বরং আল্লাহর দেওয়া বিধান অনুসরণের অংশ হিসেবে অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। আজকের এই ঘর উপহার সেই ধারাবাহিক কর্মসূচিরই একটি অংশ।"
তিনি আরও জানান, অতীতে বন্যার পর তারা প্রায় চারশটি গৃহ নির্মাণে সহযোগিতা করেছেন এবং তাদের এই সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এই কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য হিসেবে তিনি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে সকল গৃহহীন নাগরিকের স্থায়ী পুনর্বাসনের ব্যাপারে জোর দেন এবং ইনশাল্লাহ বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেনী জেলা সেক্রেটারি, ব্যবসায়ী মেসবাহ উদ্দিন সাঈদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন দাগনভূঁঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, জায়লস্কর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি তানভীর মিশকাত, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহমুদুল হাসান এবং ৭ নং ওয়ার্ডের সেক্রেটারি গোলাম সরোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।