
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, দাগনভূঞা উপজেলায় দিনব্যাপী দুটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সকালে তিনি আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত একটি বিশেষ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং দিনের পরবর্তী অংশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর অংশ হিসেবে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই ছিল এর মূল উদ্দেশ্য। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি একটি স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।
পরবর্তীতে, জেলা প্রশাসক আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্যবেক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জেলা আনসার কমান্ড্যান্ট, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, পূজা আয়োজনের সার্বিক অগ্রগতি এবং ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি আয়োজক কমিটি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রস্তুতির বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সমাজে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।