
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলা পুলিশের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সামগ্রিক কল্যাণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে ফোর্সের কল্যাণ নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব জয়া রায় চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব সৈয়দ মুমিদ রায়হান এবং পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব নাহিল জাহান।
এছাড়া, জেলার সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) প্রতিনিধিসহ পুলিশ লাইন্স, বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র এবং পুলিশ ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।