দাগনভূঞা সিলোনীয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসায়ীকে জখম, টাকা লুট

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলায় মোহাম্মদ আজাদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সিলোনীয়া বাজারের চানপুর রোডে এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​স্থানীয় সূত্র জানায়, সিলোনীয়া বাজারের ‘আজাদ স্টোর’ এর স্বত্বাধিকারী মোহাম্মদ আজাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজার সংলগ্ন চানপুর রোডের চেনু মাস্টার বাড়ির সামনে পৌঁছানো মাত্রই অপরাধীরা তার ওপর হামলা চালায়। প্রথমে তারা আজাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়, যার ফলে তিনি কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়।

​ঘটনার পরপরই বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। স্বজনরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরে মারাত্মক জখম হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

​এই হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন বলেন, “সিলোনীয়া বাজারে অতীতে এমন ঘটনা ঘটেনি। এটি ব্যবসায়ীদের জন্য মারাত্মক হুমকি। বাজারের ব্যবসার পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।” তিনি আরও যোগ করেন, “আমরা ব্যবসায়ী সমাজ অবিলম্বে আমাদের ব্যবসায়ী ভাইয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

​এদিকে, এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই বাজার অচিরেই একটি অশান্ত এলাকায় পরিণত হবে, যা স্থানীয় অর্থনীতি ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। ব্যবসায়ীরা পুরো বাজার এলাকার নিরাপত্তা জোরদার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ