
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দরবেশের হাট ফাজিল মাদ্রাসা। সম্প্রতি সিন্দুরপুর ইউনিয়নের সুজাতপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা কাজী জাফর আহম্মদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পর্যায়ে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো ফখরুদ্দীন মানিক। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্রীড়াক্ষেত্রে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাছুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন, এবং কোরশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আবদুল মোতাবেক। অন্যান্যদের মধ্যে সুজাতপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও দরবেশের হাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো: মনছুর আহমদ, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, দরবেশের হাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: হাসান পাটোয়ারী এবং অভিভাবক সদস্য মো: ইকবাল হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।