
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর সোনাগাজী উপজেলায় পৃথক দুটি অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। রবিবার (সেপ্টেম্বর ১৪, ২০২৫) রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মিয়াজীঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান দুটি পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন জাফর ওরফে বারেক (২৬) এবং জাফর ইমাম সোহাগ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সোনাগাজী মডেল থানার একটি দল চর মজলিশপুর ইউনিয়নের মিয়াজীঘাট ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালায়। এসময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাফর ওরফে বারেককে হাতেনাতে আটক করা হয়। বারেক উত্তর চর মজলিশপুর গ্রামের সফিউল্লাহর পুত্র।
এর কিছুক্ষণ পর একই এলাকায় পরিচালিত অপর এক অভিযানে জনৈক মিস্টারের দোকানের সামনে থেকে জাফর ইমাম সোহাগকে আটক করা হয়। পুলিশ তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সোহাগ উত্তর চর মজলিশপুর গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।