মোহাম্মদ আবু দারদা, ফেনী।
সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে ফেনীর দাগনভূঞায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করা। বক্তারা বলেন, গ্রাম আদালত অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে স্থানীয় পর্যায়ের বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি সহজে ন্যায়বিচার পাচ্ছেন। তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে এটিকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। কর্মশালাটি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াহিদ পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ইয়াছিন হিরণ, রাজাপুর ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা আবদুস জাহের, যুবদল নেতা নাছির উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম।
উপস্থিত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মশালাটি একটি সার্বজনীন রূপ লাভ করে। উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রম ও সাফল্য নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মহাবুল হক। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এটিকে আরও জনবান্ধব করার বিষয়ে মতামত দেন।