তারেকের ফেরা নির্ভর করছে নির্বাচনী তফসিলে: মিন্টু

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

​বিএনপির এই নেতা বলেন, “বিএনপি একটি বৃহৎ গনতান্ত্রিক দল। দলটি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।” একই সাথে তিনি জাতীয় নির্বাচনের ফলাফলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন।

​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। এখনো দেশে মব তৈরি হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজের সঙ্গে জড়িত। এরইমধ্যে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছি।”

​এর আগে, ‘আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা-২০২৪’ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ফেনীর উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। মিন্টু বলেন, “ফেনীর সন্তান হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার জন্যই আমরা ফেনীবাসী গর্ববোধ করি। বেগম খালেদা জিয়ার জন্যই ফেনী কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল।”

​শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষা জীবন অনেক গুরুত্বপূর্ণ। এ সময়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” সামাজিক পরিবর্তনে পরিবার ও সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “এখন সমাজ পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। এ ক্ষেত্রে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মাকে দায়িত্ব পালন করতে হবে। সমাজের সবাই মিলে সামাজিক পরিবর্তন আনতে হবে। সামাজিক সব বৈষম্য দূর করে মেধার বিকাশ ঘটাতে হবে।”

​বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে এবং আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঞা রানা এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ