
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিন ব্যাপি ৭৫ জনকে নিয়ে টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে লক্ষনহাটি স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত পৌরসভার ১৮-২৫ বছর বয়সের ৭৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষণার্থীদের নিয়েউদ্বোধনের মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া আনসার ভিডিপি অফিসার এ কে এম রুহুল আমিন ভূইয়া এবং অত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য লক্ষণহাটি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পারভেজ কবীর নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে সংক্ষিপ্ত ভাবে উদ্বোধনী বক্তব্য রাখেন।
এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌরসভা আনসার ও ভিডিপি প্রতিটি ওয়ার্ড পর্যায়ের দলনেতা ও দলনেত্রীসহ ৪৫ জন টিডিপি সদস্য ও ৩০ জন টিডিপি সদস্যা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বাগাতিপাড়া আনসার ভিডিপি অফিসার এ কে এম রুহুল আমিন ভূইয়া বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ ও জনসম্পৃক্ত বাহিনী, যারা আইন-শৃঙ্খলা রক্ষা সামাজিক উন্নয়ন ও জাতীয় প্রয়োজনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাহিনীর সদস্যদের নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ৭ সেপ্টেম্বর থেকে বাগাতিপাড়া পৌরসভায় ১০ দিন ব্যাপী শহর প্রতিরক্ষা দল (টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।