‘
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরীকে ‘সংখ্যালঘু’ আখ্যায়িত করে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে পৌর শহরের নিলামপট্টি এলাকার একটি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর আয়োজিত এক সভায় শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন দুঃসময়ে দলের কাণ্ডারি দুলাল চৌধুরীকে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “দুলাল চৌধুরী দলীয় মনোনয়ন পেলে মানুষ ভোট দেবে না।”
সম্মেলনে বক্তারা দাবি করেন, এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা। একই সঙ্গে আনোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।