
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে ছাগলনাইয়া পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ব্যাপারী বাড়িতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফায়জুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব সৈয়দ এ. মু’মেন। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম এবং সমৃদ্ধ দেশ গঠনে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বক্তব্য প্রদান করেন। স্থানীয় পর্যায়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ফেনী জেলা তথ্য অফিসার জনাব এস. এম. আল-আমিন। তিনি তার বক্তব্যে বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয়দের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আরা চৌধুরানী, দৈনিক সংগ্রামের সাংবাদিক জনাব আবদুর রহিম, দৈনিক আমার কাগজের ফেনী জেলা প্রতিনিধি জনাব আলাউদ্দিন এবং সাংবাদিক জনাব আব্দুল্লাহ আল-মামুন। বক্তারা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং সমৃদ্ধ দেশ গড়তে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।