
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঁঞা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নে আয়োজিত এক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে কেক কাটেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. ফখরুদ্দিন মানিক তার বক্তব্যে বলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, “এই এলাকা আমাদের। আমরা সবার পরিচিত এবং আত্মীয় অথবা প্রতিবেশী সম্পর্কে আবদ্ধ। সুতরাং আমাদের রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবে সম্পর্কের অবনতি না ঘটায়।”
উপস্থিত বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তার এই ভিন্নধর্মী রাজনৈতিক উপস্থিতি ও সম্প্রীতির বার্তা অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে।