
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় রূপ নেয়। অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এবং জনগণের সমর্থনে পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফেরার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়।
সভায় বক্তারা তাদের বক্তব্যে সরকারের ঘোষিত রোডম্যাপের কথা উল্লেখ করেন। তারা বলেন, “সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।” আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরবে বলেও তারা মন্তব্য করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী এবং সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী। এছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।