মুহাম্মদ মোশাররফ হোসাইন
রোজাদারদের ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরের দাম কম হওয়া নিয়ে এবার যে প্রত্যাশা ছিল, তা মুখ থুবড়ে পড়েছে। আশা করা হচ্ছিল, আমদানি খরচ হ্রাস পাওয়া এবং গুটিকয়েক আমদানিকারকের সিন্ডিকেটের অবসান হওয়া–এই দুই কারণে খেজুরের দাম কম থাকবে। কিন্তু বাস্তব চিত্র বলছে, আমদানি বৃদ্ধি এবং সরকারের শুল্ক কমানো—কোনোটারই সুবিধা পাচ্ছে না ভোক্তারা।
আমদানি বেড়েছে, বাজারেও প্রচুরঃ বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাব অনুয়ায়ী, বছরে দেশে খেজুরের গড় চাহিদা প্রায় ১ লাখ টন। এর মধ্যে রোজার মাসেই চাহিদা থাকে ৬০ থেকে ৭০ হাজার টনের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে খেজুর আমদানি করা হয় ৮০ হাজার ৯১০ টন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আমদানির তথ্য অনুযায়ী, শুধু গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় সাড়ে ১৪ হাজার টন খেজুর বন্দর থেকে খালাস করা হয়েছে। এক বছর আগে এই সময়ে খালাস করা হয় ১১ হাজার ৭১৪ টন। সেই হিসাবে আমদানি বেড়েছে প্রায় ২৩ শতাংশ। বর্তমানে গত বছরের তুলনায় গড়ে খেজুরের দাম ১০ শতাংশ বেশি রয়েছে।
- ফেনী শহরের হকার্স মার্কেট,ইসলামপুর মার্কেট, ফেনী বড় মসজিদ মার্কেট,মহিপাল ফলের আড়ৎ সহ কয়েকটি বাজারে গতকাল শনিবার ঘুরে দেখা যায়, খেজুরের সরবরাহ গত সপ্তাহের তুলনায় অনেক বেড়েছে। এসব বাজারে কিছু মৌসুমি ফলের ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ ভ্যানে করেও খেজুর বিক্রি করতে দেখা যায়। বেশি দামের আজওয়া, মরিয়ম, মাবরুমের পাশাপাশি কম দামি জাইদি (খোলা), জাইদি (কার্টন), প্যাকেটজাত সহ কয়েক ধরনের খেজুরও অনেক পাওয়া যাচ্ছে। শহরজুড়ে ফুটপাতেও খেজুর বিক্রি করছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী।
আমদানির তুলনায় খুচরা দাম চড়াঃ আমদানিকারকদের (নাম প্রকাশে অনিচ্ছুক) নিজেদের দেওয়া তথ্যমতেই, ভালো মানের আজওয়া, মরিয়মসহ উচ্চমূল্যের খেজুরের আমদানি মূল্য কেজিপ্রতি মাত্র ৩৯০-৪০০ টাকা। এর সঙ্গে প্রতি কেজিতে ২০০ টাকা যোগ করে আমদানি মূল্য দাঁড়ায় কম-বেশি ৬০০ টাকা। আমদানিকারকদের দাবি, এর সঙ্গে C&F এজেন্টের কমিশন, পরিবহন ব্যয়, মজুরের খরচ, মুনাফা ইত্যাদি যোগ করে পাইকারি বাজারগুলোতে খেজুর বিক্রি করা হচ্ছে ৮০০-১০০০ টাকা কেজি করে। ভালো মান ও দামের খেজুরের ক্রেতারাই শুধু নন, ঠকছেন কম দামি সাধারণ খেজুর কেনা নিম্ন আয়ের ভোক্তারাও। রাজধানীর বাজারগুলোতে ইরাকি জাইদিসহ অতি সাধারণ বা সাধারণ মানের খেজুরও বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। অথচ এই খেজুরের আমদানি মূল্য ৮০-৯০ টাকা মাত্র। শুল্ক ও অন্যান্য খরচ যোগ করে তার পাইকারি বাজারের দামই ১২০-১৭০ টাকা।
আশাভঙ্গ হওয়ায় হতাশ ক্রেতা
ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, রোজার বাড়তি চাহিদার সুযোগ নিয়ে খেজুরে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতেই দাম বাড়তি। অন্যদিকে পাইকারি বিক্রেতারা বলছেন, তাঁরা সামান্য মুনাফাতেই বিক্রি করছেন। খুচরা বিক্রেতাদের অতি মুনাফার কারণেই খেজুরের দাম চড়া।
ক্রেতারা বলছেন, এবার সরকার শুল্কছাড় দিয়ে সাধারণ মানুষের জন্য খেজুরকে সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে। কিন্তু যে হারে শুল্কছাড় দেওয়া হয়েছে, সে হারে দাম কমেনি।