
ওমর ফারুক, বিশেষ প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম।
খাগড়াছড়ি, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়ার প্রক্রিয়া পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে। স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানার মাধ্যমে এ স্মারকলিপি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে পৌঁছে দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতার কারণে বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ সুবিধা পাচ্ছেন না। এতে ব্যবসা সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ কমছে এবং ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়ছে।
পিসিসিপির সভাপতি ও সম্পাদক বলেন, “বাজারফান্ড জমি বন্ধক রেখে ঋণ নেওয়া বহু বছরের প্রচলিত প্রথা। জেলা প্রশাসকদের হঠাৎ সিদ্ধান্ত রহস্যজনক ও অদৃশ্য শক্তির নীলনকশা হতে পারে।”
সংগঠনটি কঠোর হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত এ জটিলতা নিরসন না হলে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর খান, জেলা কমিটির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ওসমান আহমেদসহ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।