মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট নিরসনে এবং পুরাতন ফেনী নদীর সংযোগ খালগুলো অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে প্রশাসনের এক উচ্চ পর্যায়ের দল এলাকা পরিদর্শন করেছে। ফেনীর জেলা প্রশাসকের নেতৃত্বে বুধবার, ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২টায় এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শন শেষে দলটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের পথ সুগম করার বিষয়ে স্থানীয় জনগণকে আশ্বস্ত করেছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, ফেনী জেলার তিনজন অতিরিক্ত জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
পরিদর্শনকালে দলটি জলাবদ্ধতার নেপথ্যে একাধিক গুরুতর কারণ চিহ্নিত করে। এর মধ্যে রয়েছে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশে ছোট ফেনী নদীর সঙ্গে যুক্ত খালগুলো দখল করে বসতবাড়ি নির্মাণ, প্রয়োজনীয় সংস্কারের অভাবে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়া, এবং মাছ চাষের জন্য খালে অবৈধভাবে বাঁধ দেওয়া। এছাড়া, ব্যক্তিগত জমি ভরাটের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা, অপরিকল্পিতভাবে নতুন ভবন নির্মাণ এবং প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতার দাপটে নদী ও খালের জায়গা দখল করে রাখার বিষয়গুলোও উঠে আসে।
এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য পরিদর্শন দলটি একটি সমন্বিত পদক্ষেপের রূপরেখা দেয়। নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী খালগুলো থেকে অবৈধভাবে নির্মিত বসতবাড়ি উচ্ছেদ করে দখলমুক্ত করা, প্রয়োজনীয় স্থানে নতুন ড্রেনেজ ব্যবস্থা ও ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং পানি নিষ্কাশনের জরুরি ব্যবস্থা গ্রহণের বিষয়ে জেলা প্রশাসক স্থানীয় জনগণকে দৃঢ় আশ্বাস দেন।
পরিদর্শন শেষে দলটি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদরে জায়লস্কর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি এবং এর সমাধান নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেয়। জেলা প্রশাসক এই উদ্যোগের ফলে জায়লস্কর এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রমে আন্তরিক প্রচেষ্টার জন্য ৪ বিজিবি’র অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে স্থান ত্যাগ করেন।