নির্বাচন সামনে রেখে ফুলগাজীতে বিএনপির বর্ধিত সভা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে এক যৌথ বর্ধিত সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার, ২৫ আগস্ট ২০২৫, বিকেলে আয়োজিত এই সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

​বক্তব্যের এক পর্যায়ে রফিকুল আলম মজনু নির্বাচনকালীন সময়ে দলে সুযোগসন্ধানীদের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, “নির্বাচন কালীন সময়ে দলের মধ্যে অনেক অতিথি পাখির আগমন ঘটবে; যারা আওয়ামী লীগের আমলে তাদের সাথে সুসম্পর্ক রেখে ব্যবসা করেছে, তাদের সেই ব্যবসা চালিয়ে নিতে বিএনপির দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিশিয়ে দলীয় সুনাম নষ্ট করতে চেষ্টা করবে, তাদের কোন রকম রাজনৈতিক সুযোগ দেয়া হবে না।” এই বিষয়ে তিনি সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।

​আমজাদহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল খায়ের স্যার, যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন।

​সভায় আমজাদ হাট ইউনিয়ন ও এর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও পার্শ্ববর্তী পরশুরাম উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। সভা শেষে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ