মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞায় আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে “সবুজ হোক ধরণী, সুন্দর হোক আগামী, গাছ লাগাই স্বপ্ন সাজাই”— এই স্লোগানকে সামনে রেখে এই সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নিজেদের আঙ্গিনায় গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ খিজির আহমেদ পলাশ, পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা, ডা. মতিউর রহমান রুবেল, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম ও সাবেক সভাপতি গোলাম সরওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সদস্য ও প্রকাশনা সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন লিংকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিক উল্যাহ, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি আবদুল আজিজ সায়েম এবং ফেনী সংবাদের দাগনভূঞা প্রতিনিধি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিনহাজুল আবেদীন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন আয়ুস্মিতা দাস, যা আয়োজনে একটি সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি করে।
কর্মসূচির শেষে, আমন্ত্রিত অতিথিবৃন্দ অর্ধ শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা তুলে দেন। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণের মাধ্যমে দাগনভূঞা ইয়ুথ সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।