মোহাম্মদ আবু দারদা, ফেনী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সোমবার (২২ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃণমূল পর্যায়ে কমিটি গঠন এবং মাসব্যাপী সদস্য সংগ্রহের ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বিগত বছরগুলোতে নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফ্যাসিবাদীরা আমার ওপর যে নির্যাতন চালিয়েছে তা ভাষায় প্রকাশের মতো নয়। ১৭ বছরে আমাকে ১২ বার জেলে যেতে হয়েছে, সাড়ে তিন বছর কারাভোগ করেছি। তবুও আন্দোলন-সংগ্রামে কখনো পিছপা হইনি।” নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমি প্রতিবাদ করেছি—কখনো গ্রেফতারের ভয় পাইনি। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতি অটল থেকেছি।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মজনু জানান, তৃণমূলকে শক্তিশালী করার অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করা হবে। এছাড়া ফেনী-১ সংসদীয় আসনের অন্তর্গত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় মাসব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার।
উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক মাবু, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোস্তফা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।