মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, ‘যারা পিআর নিয়ে লাফালাফি করছে তারা দেশের ভালো চায় না।’ তিনি মন্তব্য করেন, এই ব্যক্তিরা দেশের প্রকৃত বন্ধু হতে পারে না এবং তারা দেশবিরোধীদেরই অংশ। শনিবার, ২৩ আগস্ট বিকেলে ফেনী পৌরসভার শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মশিউর রহমান বিপ্লব তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ৫ আগস্ট পূর্ণতা পেয়েছে। তবে এখনো সেই আন্দোলন থেমে যায়নি। ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তখন একরূপ ছিল, এখন ভিন্নরূপ নিয়েছে। পার্থক্য এতটুকু। পিআর বলে যারা এখন লাফালাফি করছে তারা দেশের ভালো চায় না।” তিনি আরও যোগ করেন, “পিআর বলে এদেশের মানুষকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ এখন অনেক বেশি সচেতন। সুতরাং পিআর বলে কণ্ঠশ্রম দিয়ে কোনো লাভ হবে না। যদি ভালো চিন্তা ও আশা করেন তাহলে সঠিক পথে ফিরে আসুন।”
বিগত বছরগুলোতে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কথা উল্লেখ করে বিপ্লব বলেন, “এদেশের মানুষ বিগত ১৭ বছর ভোট প্রদান করতে পারেনি। এখন আবার পিআর বলে মানুষকে ভোট প্রদান থেকে বিরত রাখার অপচেষ্টা করা হচ্ছে।” এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানান।
দলের অভ্যন্তরীণ শুদ্ধতার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে মশিউর রহমান বিপ্লব বলেন, “যারা বিএনপির ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা এখন বিএনপি করার কোনো সুযোগ নেই।”
ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভূঁঞা ও জাহিদুল আলম ভিপি জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এবং ছাত্রদল নেতা শরিফুল ইসলাম রানা।
অনুষ্ঠানের শেষে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ২০ টাকা দিয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।