মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী শহরে বাতিল হওয়া প্রায় চার হাজার রিক্সার রেজিস্ট্রেশন পুনর্বহাল, অটোরিক্সার লাইসেন্স প্রদান এবং মহিপাল এলাকায় চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী শহর শাখার উদ্যোগে শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, আয়োজিত এই সভায় রিক্সা ও অটোরিক্সা চালকরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভায় শ্রমিকরা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা জানান। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—পৌরসভা কর্তৃক বাতিল করা প্রায় চার হাজার রিক্সার রেজিস্ট্রেশন পুনরায় চালু করা, নতুন অটোরিক্সা চালকদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা, ফেনীর মহিপাল এলাকায় চলমান চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা এবং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও হয়রানিমুক্ত করা। সভায় উপস্থিত কয়েকজন সিএনজি চালিত অটোরিক্সার শ্রমিকও একই ধরনের সমস্যার কথা উল্লেখ করে এসব দাবি পূরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “যদি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে এসব বৈষম্য থাকবে না। সংসদ সদস্য নির্বাচিত হলে ফেনীতে চাঁদাবাজিসহ সকল বৈষম্য দূর করব এবং শ্রমিকদের পাশে থাকব।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত ফেনী পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, “শ্রমিকরা আল্লাহর বন্ধু। তারা হালাল রুজি উপার্জন করে, আর তাদের সে রুজিতে কেউ হস্তক্ষেপ করলে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী শহর শাখার সভাপতি জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন ভূঁইয়া। আয়োজকরা জানান, প্রায় ৩০০ জন রিক্সা ও অটোরিক্সা শ্রমিক এই মতবিনিময় সভায় নিজেদের মতামত ও দাবি তুলে ধরতে অংশ নেন।