মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছসহ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ তারিখে পরিচালিত এই চোরাচালান বিরোধী অভিযানে মোঃ হৃদয় (১৮) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ইলিশ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২,৫০০ টাকা।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক হওয়া মোঃ হৃদয় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বলিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ খোরশেদ আলম এবং মায়ের নাম বিবি ফাতেমা। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইলিশ মাছসহ আটক যুবককে ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এই সম্পদ রক্ষায় সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানানো হয়।