মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলার ফুলগাজী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের এক যৌথ অভিযানে ০৬ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে তিন বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, মাদক চোরাচালান বিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলগাজী থানার তদন্ত ওসি মোঃ নুরুল ইসলাম পুলিশের একটি দলের নেতৃত্ব দিয়ে বিজিবির সঙ্গে অংশগ্রহণ করেন। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় টহল দলটি ০৬ জনকে আটক করতে সক্ষম হয়। অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানার তদন্ত ওসি মোঃ নুরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন: পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আঃ করিম (৩০), কবির আঃ এর ছেলে মোঃ মমিন (২১), নুর আহাম্মদের ছেলে মোঃ রোমান (২১), রফিকের ছেলে ইমন (২২) এবং একই গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ হানিফ (২৩)। তাদের সকলের পোস্ট অফিস বক্সমাহমুদ। অপর আটককৃত ব্যক্তি হলেন ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের ছবির আঃ এর ছেলে রবিউল হক (২৫), যার পোস্ট অফিস আমজাদহাট।
৪ বিজিবি'র অধিনায়ক জানায়, বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলা হয়, "সীমান্তে রুখে দিব মাদকের পাচার, বিজিবি ও জনতার এই অঙ্গীকার।"—এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।