মোহাম্মদ আবু দারদা, ফেনী
ফেনী পৌরসভা ও এর আশপাশের ইউনিয়নগুলোতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করতে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে জেলা ও পৌর প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ফেনীর জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।
কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমের আওতায় শহরের ট্রাংকরোড শহীদ মিনারের দক্ষিণ পাশ থেকে দাউদপোল খাল পর্যন্ত এবং দাউদপোল থেকে লালপোল হয়ে লেমুয়া ব্রিজ সংলগ্ন কালীদাস পাহালিয়া নদী পর্যন্ত বিস্তৃত এলাকার খাল পুনরুদ্ধার করা হবে।
এ বিষয়ে ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, "উল্লিখিত খালগুলো পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে।" এই প্রকল্পের মাধ্যমে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাছরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন এবং সার্ভেয়ার আবুল কাশেম।