
নিজস্ব সংবাদদাতা।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে ফেনীর বন্যাক্রান্ত তিন উপজেলার চার শতাধিক পানিবন্দি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ১১ জুলাই শুক্রবার বিকেলে আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দীনের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার ১০২টি গ্রাম পানিতে তলিয়ে যায়। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশে এবং কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমানের সমন্বয়ে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মাঠ পর্যায়ে সহযোগিতা করেন ছাগলনাইয়া উপজেলা আনসার কর্মকর্তা রিক্তা হাজারী, ফুলগাজী উপজেলার আমির হোসেন এবং পরশুরামের জাহেরা খাতুন। তিন উপজেলায় একযোগে প্রায় ৪০০ পরিবারকে শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
আনসার ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা অব্যাহত থাকবে এবং দুর্যোগকালীন সময়ে সবসময় জনগণের পাশে থাকবে বাহিনীটি।