
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী, ১০ জুলাই ২০২৫: ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
আজ দুপুর ১:৩০ থেকে ২:৪৫ পর্যন্ত ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের আলী আজম প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ২৫০ জন বন্যাদুর্গতকে গরম খাবার (ডিম ভুনা, সবজি, ডাল, খিচুরি ও পানি) বিতরণ করা হয়। এ সময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন বিকাল ৪:৫০টায় পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের পূর্ব চিতলিয়া মদিনাতুল দারুন উলুম মাদ্রাসা ও এতিমখানা আশ্রয়কেন্দ্রে আরও ২৫০ জনকে শুকনো খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট ও পানি) বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির (পিজিবিএম), পরশুরাম বিওপি কমান্ডার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বিজিবি এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম দায়িত্ব।