
- ফেনী সংবাদদাতা
ফেনীর সদর উপজেলার দমদমা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে একটি পিস্তল, গুলি ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৩০ জুন ২০২৫ শনিবার সকালে শহরের উপকণ্ঠে ১০ নম্বর ছনুয়া ইউনিয়নের দমদমা এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন মোঃ দেলোয়ার হোসেন মাসুদ (৩২) এবং রহমতউল্লাহ (৪৫)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৭.৬২ মি.মি. পিস্তল (ম্যাগাজিনসহ), ১০ রাউন্ড গুলি এবং ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।