সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, সোনাগাজী (ফেনী)
ফেনীর সোনাগাজী মডেল থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, ছিনতাই, সাজাপ্রাপ্ত এবং জিআর পরোয়ানাভুক্ত ১০ অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার (২৬শে আগস্ট, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের এই তথ্য নিশ্চিত করা হয়। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাদক মামলার তিন অভিযুক্ত হলেন ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঙ্গলকান্দি এলাকার শফিউল্লাহ ও আংকুরুন্নেছার ছেলে মাইজুল হক বাবু (৩৭), ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রামের মৃত শফিক মাঝি ও মৃত বিবি জরিনা আক্তারের ছেলে আনু উদ্দিন ওরফে সোহেল (৩৮) এবং ২ নম্বর বগাদানা ইউনিয়নের আউরারখীল এলাকার মমিনুল হক ও আনোয়ারা বেগমের ছেলে নূর আলম (২৪)। অন্যদিকে, ছিনতাই মামলার দুই অভিযুক্ত হলেন একই ইউনিয়নের আড়কাইম এলাকার ইমাম আলী ব্যাপারী বাড়ির সিদ্দিকুর রহমান ও ছেমনা খাতুনের ছেলে মোঃ বাবুল মিয়া (৪৯) এবং আহসান উল্যাহ ও জাহেদা খাতুনের ছেলে মোঃ সেলিম (২৩)।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত অভিযুক্ত হিসেবে ৭ নম্বর সোনাগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর খোন্দকার এলাকার সৈয়দ বলি বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ মেহেদীকে (২১) আটক করা হয়েছে। সাজা পরোয়ানাভুক্ত অভিযুক্ত হিসেবে ভূঞার বাজার এলাকার হাফেজ ইমান আলীর বাড়ির আইয়ুব আলী মেম্বারের ছেলে সালমান হোসাইন এবং মঙ্গলকান্দি এলাকার জাফর আলী ভূঞা বাড়ির সরওয়ার আলমের (বাচ্চু মিয়া) স্ত্রী রাশেদা আক্তারকে হেফাজতে নেওয়া হয়। পাশাপাশি পেনাল কোড ২৯০ ধারায় আটক দুজন হলেন ৬ নম্বর চর চান্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুইয়া বাজার এলাকার ওলি মিজি বাড়ির আবু সুফিয়ান ও রহিমা বেগমের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ এরশাদ (৩২) এবং সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চর গনেশ এলাকার হালিম ডাক্তার বাড়ির মৃত আবুল হাশেমের মেয়ে ও নুরুল আলমের স্ত্রী কামরুন নাহার প্রকাশ রুনা (২৯)। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে পুরো অভিযানটি সম্পন্ন হয়।