মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা।।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি উঠেছে স্থানীয় জনগণের পক্ষ থেকে। অগ্নিকাণ্ডসহ নানা জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে এই সেবাকেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, দাগনভূঞায় অগ্নিকাণ্ড ঘটলে ফেনী সদর থেকে ফায়ার সার্ভিস পৌঁছাতে দীর্ঘ সময় লাগে, ফলে আগুন নেভানোর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অনেক সময় বিদ্যুতের শর্টসার্কিট, রান্নার গ্যাস কিংবা অসাবধানতার কারণে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু নিকটস্থ ফায়ার সার্ভিস না থাকায় তা নিয়ন্ত্রণে সময় লাগে অনেক।
প্রতি বছর দাগনভূঞায় অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়। দোকানপাট, বাড়িঘর, খামার, ফ্যাক্টরি ইত্যাদি ক্ষতির শিকার হয়—যার প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে ও স্থানীয় মানুষের জীবনে।
ফেনী সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত দাগনভূঞা একটি ঘনবসতিপূর্ণ উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রগতি হলেও জরুরি সেবার দিক থেকে এখনো পিছিয়ে রয়েছে এই অঞ্চল।
স্থানীয় বাসিন্দারা বলেন, “দুর্ঘটনা তো বলে-কয়ে আসে না। আমাদের এখানে যদি আগুন লাগে, ফেনী থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব শেষ হয়ে যায়। তাই আমরা দাগনভূঞাতেই একটি ফায়ার সার্ভিস স্টেশন চাই।”
সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাগনভূঞাবাসীর জোর দাবি—তাদের প্রাণ-সম্পদ রক্ষায় অবিলম্বে উপজেলায় একটি ফায়ার সার্ভিস অফিস চালু করা হোক।