সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফুলগাজী (ফেনী)।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে আনন্দপুর ইউনিটকে হারিয়ে ‘ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সিজন-২’-এর শিরোপা জিতেছে জি এম হাট ইউনিট। ফুলগাজীর আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে শনিবার (২২শে আগস্ট, ২০২৬) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফেনীর রানিরহাট বাজারস্থ টি স্পোর্টস টার্ফে এই চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।
সেচ্ছাসেবী সংগঠনটির এই অভ্যন্তরীণ ক্রীড়া আয়োজনে মোট ৫টি ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়। নিজেদের দক্ষতা প্রমাণ করে ফাইনালে জায়গা করে নেয় আনন্দপুর ও জি এম হাট ইউনিটের স্বেচ্ছাসেবীরা। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় চূড়ান্ত ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। এতে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে জি এম হাট ইউনিট এবং রানার্সআপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয় আনন্দপুর ইউনিটকে।
উৎসবমুখর এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান আয়োজক ক্লাবের সাবেক সহ-সভাপতি মাহফুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মুজাহিদ এবং অর্থ সম্পাদক সজিব চৌধুরী। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ফেনী ইয়ুথ ক্লাবের দায়িত্বশীল সাইফুল খান।