সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান ডেস্ক।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী অধিকার, সরকারি ভাতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক নারী সমাবেশ বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। জিপিএমএস কর্মপরিকল্পনা ২০২৬-এর প্রথম প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা তথ্য অফিস এই সভার আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিন। তিনি তাঁর বক্তব্যে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহ, নারীদের চলাচলের জন্য গোলাপি বাস এবং জেলার খাল খনন কর্মসূচির হালনাগাদ চিত্র তুলে ধরেন। পাশাপাশি গুজব ও অপতথ্য মোকাবিলায় স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এদিকে, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম যৌতুক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সরাসরি ১০৯ টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানানোর নির্দেশ দেন। তিনি বলেন, বাল্যবিবাহ হতে দেখলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে; এটি একটি মেয়ের জীবন রক্ষার শামিল। এছাড়া ২০ থেকে ৩৫ বছর বয়সী দরিদ্র নারীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাপেক্ষে মাতৃত্বকালীন ভাতা এবং সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার পদ্ধতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
নারীদের আর্থিক স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরে অপর বিশেষ অতিথি ও নারী উদ্যোক্তা হোসনা আকতার বলেন, অলস সময়কে কাজে লাগিয়ে হাঁস-মুরগি পালন বা সেলাইয়ের মতো কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। সরকারের যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এসব প্রশিক্ষণ নিয়ে নারীরা স্বাবলম্বী হতে পারেন বলে তিনি উল্লেখ করেন। সমাবেশে স্থানীয় নারী-পুরুষ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।