সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, দাগনভূঞা (ফেনী)
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ই আগস্ট, ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফেনী জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মৌসুমী আক্তার।
ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত এই আকস্মিক অভিযানে বাজারের বিভিন্ন ফার্মেসি ও মুদি দোকানে তল্লাশি চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ও বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় কাজী ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার এবং বিসমিল্লাহ সুইটকে তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ওষুধ বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর অধীনে তিনটি ফার্মেসিকে সাজা দেওয়া হয়। এর মধ্যে মেসার্স বকুল ফার্মেসীকে পাঁচ হাজার, জয় মেডিকেল হলকে পাঁচ হাজার এবং প্রীতম মেডিকেল হলকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠান থেকে তাৎক্ষণিকভাবে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়। জরিমানার পাশাপাশি জনস্বার্থে ব্যবসায়ীদের সতর্ক করে উপজেলা প্রশাসন।