নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)।।
চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারের জের ধরে মো. ইব্রাহিম (২৮) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
২২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডে গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম এলাকার আদর্শগ্রামের৷
মোহাম্মদ আলমের পুত্র। খবর পেয়ে বেলা দুইটার দিকে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, তিনটি সিএনজিচালিত অটোরিক্সায় করে আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত রায়হান এক পুত্র ও এক কন্যা মন্তানের জনক। তার মৃত্যুতে গগনবিদারী আহাজারিতে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, রাউজান সদর ইউনিয়নে একজন গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মো. ইব্রাহিম নামের এক যুবকের লাশ উদ্ধার করি। গুলি লেগে তার মাথার মগজ বিচ্ছিন্ন হয়। রায়হান নামের এলাকার এক সন্ত্রাসীর সাথে
নিহত ইব্রাহিমের মতবিরোধ ছিল। ঘটনাস্থল থেকে আমরা দুটি কার্তুজের খোসা উদ্ধার করি।
এদিকে ঘটনার পর এলাকার মাটি ভরাট সংক্রান্ত বিরোধের জের ধরে কদলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। এ সময় তার ছেলে মন্নানকে না পেয়ে তার ভাই সিএনজি চালক মো. নাঈমকে পায়ে এবং হাঁটুতে গুলি করে। বর্তমানে গুলিবিদ্ধ নাঈমকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য গত শনিবার রাতে রাউজানের বাগোয়ানের গরীর উল্লাহ পাড়ায় দুষ্কৃতকারীদের হাতে খুন হন আরেক যুবদলকর্মী আবদুুল্লাহ মানিক।
চারদিনের ব্যবধানে দুই খুনের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।