সংবাদ প্রতিবেদন : নুর হোসেন, দাগনভূঞা (ফেনী)।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সন্তান নাজমুল ইসলাম ভূঁইয়া। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ২ মে ২০২৬, শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন করেন।
নাজমুল দাগনভূঞার উত্তর আলীপুর গ্রামের ছমদ আলী ভূঁইয়া বাড়ির সন্তান। ছাত্রজীবনেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে নিরবচ্ছিন্ন ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তার এই অর্জনে মাতুভূঞা ইউনিয়নসহ পুরো দাগনভূঞা জুড়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমগুলোতেও শুভাকাঙ্ক্ষীরা তাকে নিরন্তর অভিনন্দন জানাচ্ছেন।
নতুন দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, দলের অর্পিত এই দায়িত্ব তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করতে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে রাজপথে একজন সক্রিয় কর্মী হিসেবে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজ এলাকার মানুষের কাছে দোয়া কামনা করেছেন এই ছাত্রনেতা।
দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করা এই নেতার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে ভবিষ্যতে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।