সংবাদ প্রতিবেদন: বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃতি থাকলেও পেশাগত ক্ষেত্রে সাংবাদিকরাই বর্তমানে দেশের সবচেয়ে অবহেলিত শ্রমজীবী মানুষ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ফেনীর সংবাদকর্মীরা। শুক্রবার (১ মে, ২০২৬) শহরের রাজাজির দিঘির পাড়স্থ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই বঞ্চনার চিত্র তুলে ধরেন তারা।
নিয়োগপত্র দেওয়া হলেও ওয়েজবোর্ডের সুবিধা থেকে বঞ্চিত করতে সাংবাদিকদের চাকরি সাধারণত অস্থায়ী রাখা হয় বলে আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন। বিনা কারণে যখন-তখন ছাঁটাইয়ের মতো অমানবিক প্রথা গণমাধ্যমে জেঁকে বসেছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, সংবাদকর্মীদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা বা ছুটির দিন নেই। জনস্বার্থে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত হয়রানি, মামলা ও শত্রুতার শিকার হলেও রাষ্ট্র তাদের নূন্যতম সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
পেশাগত অনিশ্চয়তার কারণে কোনো সাংবাদিক অসুস্থ হলে বা মৃত্যুবরণ করলে তার পরিবারের ভবিষ্যৎ গভীর অন্ধকারে তলিয়ে যায় বলে উল্লেখ করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম ফরায়েজী। তিনি অবিলম্বে সাংবাদিকদের জন্য সরকারি বীমা সুবিধা চালু এবং নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য সরকার ও মালিকপক্ষের কাছে জোর দাবি জানান।
ইউনিয়নের সিনিয়র সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন মালদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের ফেনী কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম রাজু, নিরাপদ সড়ক আন্দোলন ফেনী শাখার সভাপতি জিয়া উদ্দিন জিয়া এবং যুব শক্তি ফেনী জেলা কমিটির সভাপতি সৌরভ হোসেন। এছাড়া আজকের দর্পণ প্রতিনিধি রাজীব মাসুদ, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, প্রচার সম্পাদক এএসএম হারুন, নির্বাহী সদস্য তানজিদ উদ্দিন শুভসহ সাংবাদিক ইসমাইল হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল ইসলাম মিরাজ ও ফয়সাল আহমেদ সভায় উপস্থিত থেকে পেশাগত অধিকার আদায়ের বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।