রাসেল আহমেদ,খুলনা
খুলনা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ, হুমকি ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে তা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের পরিচয়ে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে প্রেসক্লাবে প্রবেশ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। এতে আসন্ন প্রেসক্লাব নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে রোববার প্রেসক্লাবে ঢুকে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকে হুমকি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ও ‘সময়ের খবর’-এর সম্পাদক তরিকুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই তাৎক্ষণিক এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা কঠিন নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তাদেরও খুঁজে বের করার দাবি জানান বক্তারা।
সমাবেশে অতীতে খুলনায় নিহত চার সাংবাদিক—হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, হারুনর রশিদ খোকন ও শেখ বেলাল উদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন,র অতীতের মতো কোনো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি নতুন প্রজন্ম দেখতে চায় না।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রেসক্লাব কর্তৃপক্ষ চারজনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক। কর্মসূচি চলাকালে প্রেসক্লাব সংলগ্ন সড়কে সাময়িক অবরোধ করা হলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।