শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম,উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, ক্রীড়া সংগঠক গোলাম রসুল, মো. নাঈমুজ্জামান নাঈম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি করবে।
এ সময় কর্মসূচির সফল বাস্তবায়ন, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।