এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়েছিল।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ দুলাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীকের প্রার্থী দিপু ভূইয়ার প্রতি সমর্থন জানান।
পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।