মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ):
নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহারে বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় অতিষ্ট জনজীবন। লাগাতার লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের।
দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিদ্যুতের লোডশেডিং -এর ফলে বিপাকে পড়ছেন জনসাধারণ সহ বিভিন্ন কল কারখানা গুলো। বিশেষ করে এই উপজেলা শিক্ষার দিক থেকে এগিয়ে রয়েছে। প্রতিবছর এই উপজেলা থেকে ডাক্তার,ইঞ্জিনিয়ার সহ ভালো স্থানে চান্স পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বর্তমানে লোডশেডিং-এর ফলে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের লেখা-পড়া। এছাড়াও চরম গরমে নাজেহাল অবস্থা বয়োবৃদ্ধদের। এই অবস্থা চলতে থাকলে গরমে হিটস্ট্রোক করার সম্ভাবনা রয়েছে বলে জানান ডাক্তাররা।
সাপাহার উপজেলায় বিভিন্ন রকমের কল কারখানার পাশাপাশি এগিয়ে রয়েছে চিকিৎসা সেবা। বেসরকারী চিকিৎসালয় গুলো বিদ্যুতের কারনে সঠিক সময়ে রোগীর পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট প্রদানে বাধাগ্রস্ত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা রাতে পড়তে বসলে বিদ্যুৎ চলে যায় আর প্রায় ঘন্টাকাল ব্যপী লোডশেডিং এর পর বিদ্যুৎ আসে। যাতে করে বিপাকে পড়তে হচ্ছে সেসব শিক্ষার্থীদের। এছাড়াও এই এলাকা কৃষি প্রধান এলাকা। এই অঞ্চলে নানান ধরণের কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে সেচ কার্যে বেশ প্রভাব ফেলেছে বলে জানান প্রান্তিক কৃষকেরা।
স্থানীয়দের সাথে কথা হলে সকলেই আক্ষেপের স্বরে নিজ নিজ কষ্টগুলো জানান।
সাপাহার উপজেলা বিদ্যুৎ অফিসের কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এমতাবস্থায় বিদ্যুৎ বিভ্রাট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এলাকার সর্বস্তরের জনগণ।