রাসেল আহমেদ, খুলনা
খুলনার তেরখাদা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা যোগদান করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি উপজেলা পরিষদের আওতাধীন তিনটি এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরে বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় নবাগত ইউএনও বলেন, সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তেরখাদার সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করাই তার প্রধান লক্ষ্য।
তিনি উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব ও কার্যকর হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জানা যায়, ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা এর আগে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি খুলনা ওয়াসায় কর্মরত ছিলেন।
নতুন ইউএনও’র যোগদানে তেরখাদা উপজেলা প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।