রাসেল আহমেদ,খুলনা
খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ঢাকার উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে নাটোর জেলাতেও পুলিশ সুপার পদে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।
নতুন এই পদায়নের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো। প্রশাসনিক এ রদবদলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।