এস কে আলীম,কপিলমুনি খুলনা।
খুলনার পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এবং ‘লুকোচুরি’ খেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে একদিকে যেমন সাধারণ গ্রাহকদের বিল বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ঘরে থাকা ফ্রিজ, টিভি, এসি ও এলইডি বাল্বসহ মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সেবা স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ,গত কয়েকদিন ধরে সারাদিনে অন্তত ৫০ বারের বেশি বিদ্যুৎ যাচ্ছে এবং আসছে। এমনকি মাত্র ২ মিনিট পরপর লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের ধৈর্য্যর সীমা ছাড়িয়ে গেছে। গ্রাহকদের দাবি, এই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে মিটারের রিডিং অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা মাস শেষে পকেটে টান ফেলছে।
ক্ষুব্ধ এক গ্রাহক জানান, "এটা কি মগের মুল্লুক নাকি? দিনে ৫০ বার কারেন্ট যায় আর আসে। আমাদের বাড়িতে থাকা দামী দামী ইলেকট্রনিক যন্ত্রপাতি নিরবে নষ্ট হয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ অফিস কি সাধারণ মানুষের কথা একবারও ভাবছে না? যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয়, তবে আমরা সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।"
উপজেলার ব্যবসায়ীরাও চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ফ্রিজ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সেবা প্রদানের নামে এমন খামখেয়ালি বন্ধ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পাইকগাছা উপজেলাবাসী।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলছেন, পল্লী বিদ্যুতের এই অব্যবস্থাপনা এখনই বন্ধ করতে হবে, নতুবা যেকোনো সময় সাধারণ মানুষের ক্ষোভ রাজপথে আছড়ে পড়তে পারে।