
রাসেল আহমেদ,খুলনা
খুলনার তেরখাদা উপজেলায় আরফাঙ্গাসিয়া-রামমাঝি থেকে পশ্চিমে তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়নের সংযোগ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ইটের সোলিংয়ের এই গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হওয়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া রোগী ছাড়াও আরফাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফিলফে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ইটের সোলিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পুরোপুরি ইট উঠে গিয়ে রাস্তা কাদামাটিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেখানে পানি জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে।
এলাকার বাসিন্দা মেহেদী হাসান পলাশ বলেন, “মাত্র দেড় কিলোমিটার এই রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে।”
বারাসাত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকরাম হোসেন বলেন, “রাস্তার একটি অংশ আমার ইউনিয়নের আওতায় পড়ে, প্রায় আধা কিলোমিটার হবে। আগে এই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছিল, কিন্তু কাজটি এখনো বন্ধ রয়েছে। অথচ এটি দুই ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করে।”
স্থানীয়দের মতে, এই রাস্তার বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তারা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সুদৃষ্টি কামনা করে বলেন, তার হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু হবে—এমনটাই তাদের প্রত্যাশা।
স্থানীয়দের বিশ্বাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটবে।