
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক চত্বর থেকে একটি পরিচ্ছন্নতা দল বের করা হয়। দলটি শহরের প্রধান প্রধান সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
অভিযান চলাকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, প্লাস্টিক, পলিথিন ও যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিবেশের মারাত্মক দূষণ ঘটায়। এসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার ঘটে, যা ডেঙ্গুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই সচেতনতামূলক অভিযান। তিনি এ সময় সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং একটি স্বাস্থ্যকর ঠাকুরগাঁও গড়ে তোলার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে শহরের বিভিন্ন অলিগলি ও মহাসড়কের পাশ থেকে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মৌখিকভাবে উদ্বুদ্ধ করা হয়।
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ নাগরিকরা এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং জনস্বার্থে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।