খুলনা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্লা মাহবুবুর রহমান। তার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মাহবুবুর রহমান বলেন, তেরখাদা সদর ইউনিয়নের মানুষ ও মাটির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। এ জনপদের উন্নয়নকে তিনি সম্মিলিত দায়িত্ব হিসেবে দেখেন এবং সবার অংশগ্রহণে একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় পিছিয়ে থাকা এ ইউনিয়নকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চান তিনি। তার ভাষায়, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের কল্যাণের মাধ্যম।”
মাহবুবুর রহমান আরও জানান, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন তিনি।
জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে কার্যকর প্রশাসন প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথাও তুলে ধরেন।
এদিকে স্থানীয়রা বলছেন, সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এর মধ্যে মাহবুবুর রহমানের প্রার্থীতা ঘোষণা তেরখাদা সদর ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।