জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। মোট ১২টি পদের মধ্যে বিএনপিপন্থী প্রার্থীরা ৭টি এবং আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫টি পদে বিজয় লাভ করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহাম্মদ সারওয়ার হোসেন। ঘোষিত ফলাফল অনুযায়ী
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইউসুফ আলী (১১৫ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম টুলু পেয়েছেন ১১১ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ (৯৫ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী সবুজ প্যানেলের ইউনুস আলী পেয়েছেন ৭৬ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (৭টি পদ): সভাপতি ছাড়াও জয়ী হয়েছেন গ্রন্থাগার সম্পাদক পদে আবদুল মান্নান, কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন এবং সদস্য পদে রফিজ উদ্দিন, নাজমা বেগম, আহসান হাবিব ও আনারুল হক।
আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র (৫টি পদ): সাধারণ সম্পাদক ছাড়াও জয়ী হয়েছেন সহ-সভাপতি পদে জীতেন চন্দ্র পাল ও রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন প্রধান এবং কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার ইবনে মোস্তফা।
জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতপন্থী সবুজ প্যানেল ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগপন্থীরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।