
খুলনা সংবাদদাতা
তেরখাদা উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নটিকে একটি আধুনিক ও অনুসরণযোগ্য মডেলে রূপ দেওয়াই তার লক্ষ্য।
সম্প্রতি আলাপকালে তিনি জানান, ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
তিনি বলেন, “যেসব কাঁচা সড়ক এখনো জনদুর্ভোগের কারণ হয়ে আছে, সেগুলো দ্রুত পাকা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও আধুনিক সুবিধার আওতায় আনা প্রয়োজন।”
স্থানীয়দের কাছে একজন আস্থাভাজন সমাজসেবক হিসেবে পরিচিত বুলু দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সহযোগিতা প্রদান করে তিনি সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
শিক্ষাক্ষেত্রেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি তেরখাদা সদরের চিত্রা মহিলা ডিগ্রি কলেজে লাইব্রেরি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যুক্ত থেকে শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখছেন।
রাজনৈতিক জীবনে ছাত্রদলের মাধ্যমে যাত্রা শুরু করে তিনি উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, “আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় তেরখাদা সদর ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ জনপদে পরিণত করা সম্ভব। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও আন্তরিকতা।”
চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি তেরখাদা সদর ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।