
খুলনা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠছে রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লা। স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন ইলিয়াস মোল্লা। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ততা—এসব কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
এছাড়া অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে এলাকায় সচেতনতা সৃষ্টির উদ্যোগ তাকে আলাদা করে পরিচিতি দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এসব কর্মকাণ্ডের কারণে তরুণসহ সচেতন মহলেও তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয়। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, হরতাল ও কর্মসূচিতে অংশ নিয়ে দীর্ঘদিন রাজপথে সরব ছিলেন বলে জানান দলীয় নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তাকে নানা সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থেকেছেন।
পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে উপজেলায় তাদের পরিবারটি ‘বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। এতে করে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি একটি আস্থার জায়গা তৈরি হয়েছে।
এলাকাবাসীর মতে, ব্যক্তিগত জীবনে সহজ-সরল আচরণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেক ভোটার।
এদিকে, বিএনপির স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাকে নিয়ে চলছে জোর আলোচনা। দলীয় মনোনয়ন পেলে তিনি একজন শক্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রভাব ফেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস মোল্লা বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাইয়ের একজন কর্মী হিসেবে আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, আজগড়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ততই প্রাণবন্ত হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ। এমন প্রেক্ষাপটে ইলিয়াস মোল্লার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।