
কেন্দুয়া (নেত্রকোণা) সংবাদদাতা।।
নিজের স্বপ্ন, শ্রম আর দৃঢ় মনোবলের সমন্বয়ে স্বাবলম্বিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং মাসকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম ভুট্টো। নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের চক সাদক কোনপাড়া গ্রামে গড়ে তুলেছেন আধুনিক ও সম্ভাবনাময় একটি খামার—‘ভাই ভাই এগ্রো ফার্ম’।
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্থানীয়ভাবে দুধ ও মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই খামারটি ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। খামারটিতে বর্তমানে ষাঁড়সহ প্রায় ২৪টি গরু রয়েছে, যেগুলো উন্নত পদ্ধতিতে লালন-পালন করা হচ্ছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পুষ্টিকর খাবার এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরুগুলোকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
খামারের উদ্যোক্তা মনিরুল ইসলাম ভুট্টো জানান, “আমি চাই মানুষ যেন নিরাপদ ও ভালো মানের দুধ ও মাংস পায়। সেই লক্ষ্য নিয়েই এই খামার গড়ে তুলেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খামারের গরুগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি গরুর বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ টাকা করে হবে। ইতোমধ্যে অনেক ক্রেতা খামারটি পরিদর্শন করছেন এবং গরু কেনার আগ্রহ প্রকাশ করছেন।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান ভুট্টোর এই উদ্যোগ শুধু তার নিজের স্বাবলম্বিতা অর্জনের পথই সুগম করেনি, বরং এলাকার বেকার যুবকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। অনেকেই এখন খামারভিত্তিক উদ্যোগে আগ্রহী হচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কৃষি ও পশুপালনভিত্তিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের মাংস ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক হবে।